হাজারীবাগে ওএমএস পণ্য গুদামে, এআরও কর্মকর্তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগে ঢাকা রেশনিং ডি-৪ এর ডিলার খান শফিকুল ইসলাম সজিবের (এরিয়া: ৩৮/৩/এ, ভাগলপুর লেন, নতুন রাস্তা) সেল পয়েন্ট থেকে ওএমএস-এর চাল ও আটা পাশের গুদামে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রবিবার একটি সাংবাদিক টিম সেল পয়েন্টে উপস্থিত হয়ে ওএমএস পণ্য পাশের গুদামে নেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করে। এ সময় ডিলারের প্রতিনিধি সদুত্তর দিতে না পেরে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং ভিডিও মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি তদারককারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও এআরও কর্মকর্তা তারিকুজ্জামানকে জানানো হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।
এদিকে এআরও কর্মকর্তা তারিকুজ্জামানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সূত্রের দাবি, ফরিদপুরে দায়িত্বে থাকাকালে চাল-আটা চুরির অভিযোগে তিনি কারাভোগ করেন এবং বর্তমানে জামিনে আছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।