গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞার নেতৃত্বে বিডি ক্লিনের শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিডি ক্লিন গাজীপুর জেলার সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, সংগঠনটি সারা দেশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ভাগাড় পরিষ্কারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, শুধু ময়লার স্তূপ পরিষ্কার নয়, সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে। বসতবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিডি ক্লিনের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারে সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।